নড়াইলে শিশুকে ধর্ষণ-হত্যা : আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ শেষে গলায় চাপ দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি রবিউল শিকদারকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ​বুধবার সকালে নড়াইল সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এ আদেশ প্রদান করেন।

​আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিকে জিজ্ঞাসাবাদের স্বার্থে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু আসামি রবিউল শিকদারের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে আসামির পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী উপস্থিত না থাকায় সরকারি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, “আসামি রবিউলের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকেই তার রিমান্ড কার্যকর হবে। রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করা হবে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন