নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা ১৮ হাজার টাকা আনতে গিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে ১৮ হাজার টাকা ধার দেন আলিনুর ফকির। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে রাজিব নানা অজুহাতে সময় ক্ষেপণ করে আসছিলেন।
শনিবার রাতে টাকা পরিশোধের কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার সহযোগীরা। রাত ১০টার দিকে আলিনুর তার ভাই আমিনুরকে সঙ্গে নিয়ে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় আলিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার তদন্ত (ওসি) অজিত কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এনএম

