ডুমুরিয়ায় মোটরভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল সরদার (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ডুমুরিয়া বাজারের পুরাতন ধান আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল সরদার পাইকগাছা উপজেলার গড়ের আবাদ গ্রামের মোফাজ্জেল সরদারের ছেলে। তিনি ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা আইয়ুব আলীর জামাতা। মৃত্যুকালে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর প্রায় আট বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করে ইঞ্জিনভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পর রাসেল তার ইঞ্জিনভ্যানটি চার্জে দেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লিক হওয়া একটি তারে হাত লাগলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে

