নদীর তীরে ‘সাখা বাহিনী’ প্রধানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামে বেতনা নদীর তীর থেকে সাখাওয়াত হোসেন সাকা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মতে, তিনি একসময়ের আলোচিত ‘সাখা বাহিনীর’ প্রধান ছিলেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার বেতনা নদীর পাড় থেকে সাখাওয়াত হোসেন সাকার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, নিহত ব্যক্তি ওই এলাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তাঁর নামে গড়ে ওঠা একটি বাহিনী পুরো উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তথ্য সংগ্রহ শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে মালয়েশিয়াপ্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী নিহার বানু (৪০) ও তাঁর ছেলে অভিকে (১৮) প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন