শ্রেণিকক্ষের অভাবে বারান্দায় পাঠদান, ভিজল শিক্ষক ও শিক্ষার্থীরা

চিতলমারী প্রতিনিধি

সোমবার দুপুর ২টা। নিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বাগেরহাটের চিতলমারীতে ভোর থেকে হচ্ছিল মাঝারি ও ভারী বৃষ্টিপাত। মাঝে মাঝে দমকা হাওয়া। এরই মাঝে উপজেলার ৪৯ নং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তৃতীয় শ্রেণির পাঠদান চলছিল। একহাতে মাথায় ছাতা আর অন্য হাতে কলম নিয়ে শিক্ষক লিলি মজুমদার বোর্ডে লিখছিলেন। আর বাতাসে ছুটে আসা বৃষ্টির পানিতে আধা-ভেজা শিক্ষার্থীরা পড়া বোঝার চেষ্টা করছিল। বারান্দার পাশে দেওয়া পলিথিন রক্ষা করতে পারেনি তাদের ভিজে যাওয়া। মাঝে-মধ্যে বাতাসের তোড়ে অনেকের বইÑখাতা উড়ে ভিজেছে।

জানা গেছে, সুরশাইল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি সুনামের সাথে চলে আসছে। বর্তমানে নতুন ভবনটি নির্মাণের পর পুরাতন স্কুল ভবনটি নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। ভবনটি ভেঙে নেওয়ার পর শ্রেণিকক্ষ সংকট দেখা দেয়। যার ফলে দুই শিফটে চলা এই স্কুলের দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় শ্রেণির ক্লাস স্কুলের বারান্দায় নেওয়া হয়।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসকিন ও আরাফাত জানায়, তাদের শ্রেণিকক্ষ সংকট রয়েছে। রোদ-বৃষ্টিতে বারান্দায় ক্লাস করতে তাদের কষ্ট হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিলি মজুমদার জানান, শ্রেণি সংকটের কারণে তাদের বাধ্য হয়ে স্কুলের বারান্দায় ক্লাস নিতে হচ্ছে। নতুন ভবনের দ্বিতীয় তলায় একটি রুম হলে তাদের এ সমস্যা থাকত না।

প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ই জানান, স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট চলে আসছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, “বরাদ্দ না থাকায় বিষয়টির স্থায়ী সমাধান করা যাচ্ছে না। আমরা আপাতত অন্য স্কুল থেকে একটি টিনের ঘর ওই স্কুলে দেওয়ার জন্য বলেছি।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন