যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দীঘলসিংহ গ্রামের মণ্ডলপাড়া মসজিদের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল বিশ্বাস ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নওদা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে

