শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

গদখালীতে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী নামক এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি তেইশ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তি হলেন যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার (৪৪)।

শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কে গদখালী বাজারের পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল এবং ১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে বিজিবি জানায়।

আটক পাচারকারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোরের বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন