বৃহস্পতিবার । ১৮ই জুন, ২০২৬ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এসময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।

নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন তিনি। এসময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম।

সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ থাকলেও, অবৈধভাবে পোনা আহরণ করছিলেন তিনি। যার ফলে বন বিভাগের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। ওই নারীর মরদেহ তার বাড়িতে রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন