খুলনার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে বিএনপি নেতা শাহীনুর শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহীনুর শেখ উপজেলার ৪ নং টিএসবি বাহিরদিয়া ২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিএনপি নেতা শাহীনুর একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা অবস্থায় দু’জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। একটি গুলি তার পায়ে বিদ্ধ হয় এবং অপর গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে যায়। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর বলেন, খবর জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে অনেক রাত পর্যন্ত কাজ করেছে পুলিশ। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এএজে/এনএম

