বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: চিতলমারীর দুই তরুণের দাফন ও শেষকৃত্য সম্পন্ন

চিতলমারী প্রতিনিধি

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ—শোয়াইব শেখ ও শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বাদ এশা নামাজে জানাজা শেষে ঘোলা-দলুয়াগুনি কবরস্থানে শোয়াইব শেখের দাফন এবং রাত ১০টায় পারিবারিক আঙিনায় শয়ন ঢালীকে সমাধিস্থ করা হয়।

নিহত শোয়াইব শেখ চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের মাহাবুর শেখের ছেলে, সে এ বছর জিবিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। অপর নিহত শয়ন ঢালী একই উপজেলার বড়বাড়িয়া-বাদামতলা গ্রামের সমেশ ঢালীর ছেলে এবং বাবার ব্যবসায় সহযোগিতা করত।

এর আগে সন্ধ্যায় দুই তরুণের মরদেহ বাড়িতে পৌঁছায়। ছোট ছেলেকে হারিয়ে শোয়াইবের মা মনুয়ারা বেগম এবং একমাত্র সন্তানকে হারিয়ে শয়ন ঢালীর মা তপতী ঢালী বারবার মূর্চ্ছা যাচ্ছিলেন। তাদের শেষ বিদায় জানাতে দূর-দূরান্ত থেকে অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাস গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তায় উল্টে যায় এবং মোটরসাইকেলটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত অপর দুজন হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (৩৫) ও আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। তবে নিহত শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন