বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু সৈকত গাজী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ৩টার দিকে কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়া মধুমতী আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত সৈকত গাজী একই এলাকার রিপন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির ও তার বন্ধু মোটরসাইকেলযোগে নড়াইলের দিকে যাচ্ছিলেন। অপরদিকে রোজিনা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মধুমতী আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির হোসেন নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু সৈকত গাজী। পরে স্থানীয়রা আহত সৈকতকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

থানার এসআই বিজন কুমার সরকার বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত অন্য যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন