যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার রাজারহাট হাইওয়ে তেলপাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও গাড়ি ভাংচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘাতক ট্রাকের চালককে আটক করে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি রানী (৩০) ও তাদের সন্তান সৌভিক সাহা (৫) রয়েছেন। অপর এক নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়কে বিক্ষোভ ও ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া গতি ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রতিরোধমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম

