যশোরের চৌগাছার এক পল্লী থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের খালপাড় কালী মন্দিরের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা মিত্রপাড়ার মৃত কালিদাস ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর দুপুর ও রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় তাঁর স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একদিন পর শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি তাল কাটতে গাছে ওঠেন। এ সময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে তিনি নিচে নেমে আসেন। পরে সেখানে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

