শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুমেক হাসাপাতালে আগুনের গুজব, আতংকে রোগীদের ছোটাছুটি

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুনের আতঙ্কে রোগী ও স্বজনদের ছোটাছুটির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতালের চারতলার শিশু ওয়ার্ডে একটি মাল্টিপ্লাগে শর্ট সার্কিট থেকে ধোঁয়া বের হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ওয়ার্ড থেকে অসুস্থ রোগীরা হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের ৪ তলার শিশু ওয়ার্ডে একটি বেডের পাশে রাখা মাল্টিপ্লাগে শর্টসার্কিট হলে সামান্য ধোঁয়ার সৃষ্টি হয়। এতে চারিদিকে আগুন আগুন বলে চিৎকার শুরু করে সাধারণ রোগী ও স্বজনরা। শিশু ওয়ার্ডে অক্সিজেনরত রোগীদেরও দ্রুত নিচে নামিয়ে আনা হয়। পাশাপাশি অপারেশনের রোগীদেরও স্বজনরা নিচে নিয়ে আসেন। এতে রোগীদের মধ্যে চরম আতংক তৈরী হয়।

রোগীর স্বজনরা জানায়, আগুনের খবর শুনেই আগের দিনের ঘটনার কথা মনে পড়ে যায়। তাই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত রোগীদের নিয়ে নিচে নেমে আসি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করে। তবে কোথাও আগুনের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম বলেন, একটি গুজবের কারণে কিছুক্ষণের জন্য আগুন আতংক ছড়িয়ে পড়ে। আসলে আগুনের কোন ঘটনা ঘটেনি। তবে তাড়াহুড়োর কারণে এভাবে আতংকে ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে মানুষ এমনিতেই আরও বেশি অসুস্থ হতে পারে। তিনি গুজবে কান না দেয়ার পরামর্শ দেন সবাইকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন