বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডুমুরিয়ায় অচেতন করে নগদ টাকা গহনাসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এক প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা ও গহনাসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে রুদাঘরা দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আহমেদ মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মুরাদের ভাই ফিরোজ মল্লিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, প্রতিদিনের মত গতকাল (১৯ মে) রাতের খাবার খেয়ে শিক্ষক মুরাদ আহমেদ মল্লিক (৩৮) ও তার স্ত্রী শরীফা খাতুন (৩২) নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মুরাদের মা হালিমা বেগম ডাকাডাকি করে। একপর্যায়ে মুরাদের ছেলে রাজ (১০) দরজা খুলে দেয়। ঘরে ঢুকে দেখে মুরাদ ও তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারির দরজা খোলা! স্থানীয় লোকজনের সহায়তায় অচেতন অবস্থায় মুরাদ ও তার স্ত্রীকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে মুরাদের স্ত্রী শরীফা খাতুনের জ্ঞান ফিরলে তিনি খুলনা গেজেট প্রতিবেদককে জানান, ‘সেদিন তাদের রাতের ভাত-তরকারি দুপুরেই রান্না করা ছিলো। রাত অনুমান ১১টার দিকে সেই ভাত-তরকারি গরম করে খাওয়া-ধাওয়া সেরে দু’জনই (স্বামী-স্ত্রী) ঘুমিয়ে পড়েন। এর আগে তাদের দুই সন্তান রাতের খাওয়া না খেয়েই ঘুমিয়ে পড়ে।’

তিনি আরও জানান, ‘ভোর সাড়ে ৫টার দিকে একজন লোককে ঘরের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। তখন ঘুমের তন্দ্রাচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। কিন্তু ঝিমুনি কাটেনি এবং কথা বলার শক্তিও ফেরেনি। চোরেরা ছাদের উপর দিয়ে সিঁড়ি ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। আলমারি ভেঙে ১ ভরি ২ আনা ওজনের কয়েকটি সোনার অলঙ্কার, ৪২ হাজার টাকা মূল্যের ১টি রিয়েলমি স্মার্ট ফোনসহ জমি ক্রয়ের জন্য গচ্ছিত নগদ ৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আছের আলী জানান, বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে স্বক্ষম হবো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন