খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে ৪ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণের অংশ হিসেবে বিদ্যালয়ে একটি ‘সহায়তা বক্স’ স্থাপন ও তা পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
সোমবার (১৮ মে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গঠিত কমিটির সদস্যরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মিলন, খালিশপুর থানার এস.আই ও সংশ্লিষ্ট মহল্লার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস.এম সাইদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রাতঃ শাখার সহকারী শিক্ষিকা আনিকা নাওয়ার বিনতে হাসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP), আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইড, বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। হাইকোর্টের নির্দেশিত নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জেন্ডার ভিত্তিক যেকোনো সহিংসতা প্রতিরোধে এই ‘সহায়তা বক্স’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিটির কার্যপরিধি ও বক্স ব্যবস্থাপনা সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, প্রতি মাসের প্রথম মঙ্গলবার সকাল ১১টায় কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সিলগালাকৃত এই বক্সটি খোলা হবে। তবে নির্ধারিত দিনে সরকারি ছুটি থাকলে তার পরবর্তী কার্যদিবসে বক্স খোলার নিয়ম রাখা হয়েছে। প্রাপ্ত সকল অভিযোগের একটি তালিকা তৈরি করে তাতে কমিটির সদস্যরা স্বাক্ষর করবেন এবং প্রতিষ্ঠান প্রধান সেসব অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিটে পাঠাবেন।
খুলনা গেজেট/এমএম

