পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ ১৮ মাইল-বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা মহাসড়কের আধুনিকায়ন ও প্রশস্তকরণ কাজ এগিয়ে চলছে। সরকারের এই প্রকল্পের অন্তরায় হয়েছে বিদ্যুৎ এর খুঁটি। পাইকগাছার জিরো পয়েন্ট থেকে কয়রা অভিমুখে প্রথম কালভার্ট পর্যন্ত অংশে সড়কের মাঝামাঝি ও দুই পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি এখন বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
সরেজমিন দেখা গেছে, শিববাটি ব্রিজ সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের বিভিন্ন অংশে মাটি ভরাট ও সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। কিন্তু সড়কের নির্ধারিত অংশের ভেতরে থাকা পল্লি বিদ্যুতের একাধিক খুঁটি এখনো অপসারণ করা হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, মোটরসাইকেল আরোহী এবং পরিবহন চালকরা।
বিশেষ করে পাইকগাছা জিরো পয়েন্ট এলাকায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি থাকায় খুঁটিগুলো যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বাসচালক উত্তম কুমার জানান, “জিরো পয়েন্ট এমনিতেই ব্যস্ত এলাকা। খুঁটির কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলতে হচ্ছে।”
কাজের অগ্রগতি সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার কোম্পানি সূত্রে জানা গেছে, “নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।”
এ বিষয়ে পল্লি বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, “সড়ক ও জনপথ বিভাগ প্রয়োজনীয় অর্থ জমা দিলেই খুঁটি স্থানান্তরের কাজ শুরু করা হবে। বর্তমানে আমাদের নিজস্ব কোনো প্রকল্প নেই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসীউজ্জামান চৌধুরী বলেন, “সড়ক প্রশস্তকরণ কাজ এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জনগণের নিরাপত্তার বিষয়টিও সমানভাবে বিবেচনায় রাখতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
খুলনা গেজেট/এনএম

