মাত্র ২৮ দিন বাকি ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে। ১১ জুন শুরু হতে চলা আসর তিন দেশের ১৬ ভেন্যুতে হবে। ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টে এবারই প্রথম যৌথভাবে আয়োজন করতে চলেছে তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
শুরু হয়ে গেছে বিশ্বকাপের কাউন্ট ডাউন। আসছে ২৩তম আসর। এবারই প্রথম অংশ নিচ্ছে ৪৮ দেশ। ২০০২ সালে একবারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল এশিয়া মহাদেশের দুদেশ জাপান ও সাউথ কোরিয়া। এবার তিন দেশ।
১২ গ্রুপের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ১১ জুন বাংলাদেশ সময় রাত ১টায় পর্দা উঠবে মহাযজ্ঞের। মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান তো থাকছেই, পরদিন একইভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম ম্যাচের আগে আলাদা দুটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে ফিফা।
ইতিহাসের সবচেয়ে বেশিসংখ্যক ১০৪ ম্যাচ দেখবে বিশ্ব। ১৬ ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি সহ-আয়োজক মেক্সিকো ও ২টি কানাডায়।
ম্যাপল-কানাডিয়ান হরিণ, জায়ো-মেক্সিকান চিতা এবং ক্লাচ-আমেরিকান ঈগলকে ব্যবহার করা হয়েছে তিন দেশের মাসকট হিসেবে। ক্রীড়া পণ্যজাতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের অফিসিয়াল বল ট্রায়োন্ডাতে থাকছে তিন দেশের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। বিশ্বকাপের লোগোতে সোনালি ট্রফির পেছনে কালো ব্যাকগ্রাউন্ড থাকলেও থিমে ব্যবহার হচ্ছে ৯টি রং।
খুলনা গেজেট/এনএম

