যশোর বিমানবন্দর থেকে শার্শার উলাশী খাল পুনঃখননে যাওয়ার পথে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বেনাপোল সড়ক পথে শার্শার উলাশী পর্যন্ত রাস্তার দু’পাশ জুড়েই উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যশোরবাসী বিভিন্ন মোড়ে মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নেয়।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এরপর যশোর বিমানবন্দর থেকে বাসে চড়ে উলশীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রায় ৩০ কিলোমিটার রাস্তা জুড়ে দু’পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী বাসের মধ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রী আসার খবরে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাস্তার দুইপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও পুরো রাস্তা হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।
ফুলের রাজ্য গদখালী ও ঝিকরগাছায় দেখা গেছে ভিন্ন আবহ। যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ফুল হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান জনসাধারণ। এ সময় রাস্তায় ফুল ছিটিয়ে রাখেন তারা। পরে প্রধানমন্ত্রীর বহনকারী বাসটি গদখালীতে পৌঁছানো মাত্রই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুল ছিটিয়ে বরণ করে নেন।
সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। এদিন খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
খুলনা গেজেট/এনএম

