সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

যশোরে পৌঁছে উলাশীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এখন তিনি শার্শার উলশি খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এ বহরে রয়েছেন।

এদিকে, তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা বিভাগে এটিই তার প্রথম সফর। ফলে এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করে।

তার সফরসূচি অনুযায়ী বেলা ১১ টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১ টা ৩৫ মিনিটে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩ টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন