সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

তারেক রহমানের আগমনে যশোরে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো যশোর সফরে আসছেন তারেক রহমান। আজ সোমবার তার সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ ও সাজ সাজ রব রিরাজ করছে। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি। প্রতিদিন প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছাবেন। সেখানে উলশী খাল খনন কাজের উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন এবং জেলা বিএনপি আয়োজিত জনসভার কর্মসূচি রয়েছে তার।’

প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানায়, ‘বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন। বেলা সাড়ে ১১টায় সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরপর সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতির পরে বেলা ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং এরপর সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।’

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে বিমানে করে রওনা হবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যশোর সফরে আসছেন তারেক রহমান। এর আগে গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি এ জেলায় সফর করেছিলেন।’

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছে যশোরের জেলা প্রশাসক আশেক হাসান বলেন, ‘নিরাপত্তা ও নির্বিঘœতা-এই দুই বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক সভাও অনুষ্ঠিত হয়েছে।’

যশোর-৩ (সদর উপজেলা) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুলনা বিভাগে এটি তারেক রহমানের প্রথম সফর।’

তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান এবং গর্বিত যে, এই সফরটি যশোর থেকেই শুরু হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সকালে বিমান থেকে নেমে তারেক রহমান প্রথমে তার পিতার স্মৃতিবিজড়িত উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে এসে যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরসূচির অংশ হিসেবে তিনি যশোরের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং পরে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় অংশ নেবেন।’

ঢাকায় ফেরার আগে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কিছু সময় কাটাবেন বলেও জানান খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

অনিন্দ্য ইসলাম আশা প্রকাশ করে বলেন, ‘আগামীকাল একটি সুষ্ঠু ও সুন্দর আয়োজন সম্পন্ন করতে আমরা সক্ষম হবো।’

জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলছেন, ‘উলাশী খাল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এ ধারাবাহিকতাকেই যশোরবাসী উন্নয়নের অংশ হিসেবে দেখছেন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘যশোরের অধিকাংশ উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে বলে স্থানীয়দের মধ্যে একটি ধারণা রয়েছে।’

‘সেই ধারাবাহিকতা রক্ষায় কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।’

দেলোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে যশোরবাসীর প্রত্যাশা অনেক।’

জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘পুলিশ, আনসার, ভিডিপি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রায় ২০০ সদস্য এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রায় ১০০ সদস্য দায়িত্বে থাকবেন।’

এছাড়া গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও ডিএসবি সদস্যরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন বলে জানান জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজ তদারকি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন