যশোরের অভয়নগরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাঈম হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচকবর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাঙ্গলা গ্রামের শফিকুল ইসলাম গাজীর ছেলে। তিনি অভয়নগরের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
নিহতের বড় বোন তাসলিমা খাতুন জানান, কয়েকদিন আগে তাদের বাবা-মা গ্রামের বাড়িতে গেলে নাঈম বাসায় একাই ছিলেন। শনিবার দুপুর ১২টার দিকে খোঁজ নিতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, নাঈম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ভেতরে ঝুলছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওড়না কেটে মরদেহ নিচে নামায়।
থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “নাঈম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

