যশোর সদরের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ওয়াজিদ ভারতের মুম্বাইয়ের থানে শহরের আমিন আহম্মেদ আনসারীর ছেলে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ দল যশোর-নড়াইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে স্বর্ণের পেস্ট ছাড়াও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে নিয়মিত যাতায়াত করছেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান।পরবর্তীতে দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তার।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

