শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

বজ্রপাতে যশোর ও চুয়াডাঙ্গায় স্কুলছাত্রসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

যশোর ও চুয়াডাঙ্গার পৃথক স্থানে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামে বিকেল ৫টার দিকে বজ্রপাতে আবু তাহের (৪৫) নামে এক কৃষক নিহত হন। তিনি মৃত খায়রুল ইসলামের ছেলে। দুপুর থেকে নিজের ক্ষেতে কাজ করার পর বাড়ি ফেরার পথে মাসুম মিয়ার ধানক্ষেত এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি নুরুল আমিন শিকদার।

অন্যদিকে, একই দিনে দুপুর ২টার দিকে যশোরের আরেক স্থানে লুৎফর সরদার (৭২) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হন। তিনি শাহাপুর গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে মাঠ থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার স্ত্রী পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে আজিম উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। তিনি তাজিমুল ইসলামের ছেলে এবং স্থানীয় মেমনগর বিডি হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। বাবার জন্য মাঠে খাবার দিয়ে ফেরার পথে বালিগাদার মাঠে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, একই সময়ে জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামে রাসেল উদ্দিন (২৫) নামে এক কৃষক বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রেজাউল হোসেনের ছেলে।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান ও জীবননগর থানার ওসি সোলাইমান শেখ পৃথক ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন