সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই জন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বিসিক শিল্পী নগরীর সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০) ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮)। আহতের নাম সুব্রত সেন (২২)। সে পাইকগাছা উপজেলার বাকা গ্রামের উত্তম সেনের ছেলে। তারা সবাই সোনার দোকানের কারিগর।

পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত রাতে একটি মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরী কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায তাপস ও মিলন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সুব্রত। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন