টানা বৃষ্টিতে সাতক্ষীরায় সবজি খেতে পচন, বাজারে দাম বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

টানা বৃষ্টির কারণে সাতক্ষীরার বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে কাঁচা মরিচ, পেঁয়াজসহ প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে সংসারের খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের পাইকারি ও খুচরা সবজির বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রকারভেদে তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। একইভাবে ৪৫ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স ৪০ টাকা, ২৫ টাকার এক পিছ লাউ ৩৫/৪০ টাকা, ২০ টাকার ঝিঙে ৩০ টাকা, ২০ টাকার পটল ৪০ টাকা, ৪৫ টাকার বরবটি ৬০ থেকে ৬৫ টাকা, ৩০/৩৫ টাকার খিরাই ৮০ থেকে ৮৫ টাকা, ৫০ টাকার উচ্ছে ৮০ টাকা, ১৬ টাকার আলু ২২ টাকা, ৩০/৩৫ টাকার কচুর মুখি ৪০/৪৫ টাকা, ১০ টাকার এক আঁটি পুঁইশাক ১৫ থেকে ২০ টাকা এবং ১৫ টাকা দেরের পল্লা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। একইভাবে পাইকারিতে ২৮ টাকা দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি।

এছাড়া পাইকারিতে ওল (মাদ্রাজ প্রজাতির) প্রতি কেজি ৬৫ টাকা, টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১১০ টাকা, পেঁপে ২০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, কাঁকরোল ৪০ থেকে ৪৫ টাকা, মিষ্টিকুমড়া ২৫ টাকা, ডয়রা কলা ২৫ টাকা ও কাঁচকলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এসব সবজি কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে।

শহরের সুলতানপুর বড় বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ইউনুচ আলী জানান, কয়েক দিনের ব্যবধানে এভাবে দাম বেড়ে যাওয়ায় সংসারের বাজেট এলোমেলো হয়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য প্রতিদিনের বাজার করা একরকম কঠিন হয়ে পড়েছে।

বাজারে পাইকারি সবজি বিক্রেতা মইদুল ইসলাম বলেন, “প্রায় সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে কাঁচা মরিচসহ ক্ষেতের বিভিন্ন সবজি গাছে পচন ধরেছে। বৃষ্টি থেমে হঠাৎ রোদ উঠলে আক্রান্ত গাছগুলো শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আগামী কয়েক সপ্তাহে সবজির উৎপাদন আরও কমে যেতে পারে এবং বাজারে দাম আরও বাড়তে পারে।”

তালা উপজেলার পাঁচপোতা এলাকার সবজি চাষি সরোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক খেতেই গাছের গোড়া পচে যাচ্ছে এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাজারের খুচরা সবজি বিক্রেতা আমির আলী জানান, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ অনেক কমে গেছে। ফলে প্রতিটি সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। আমরা পাইকারি বাজার থেকে কিনে এনে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দামে খুচরা বিক্রি করে থাকি। ক্রেতাদের কাছে দাম চাইলে হঠাৎ করে মূল্য বৃদ্ধির কথা শুনে অনেকে রেগে গিয়ে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন। ফলে দাম বৃদ্ধিও কারণে ক্রেতাদের কাছে সবজি বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।

সুলতানপুর বড় বাজারের কাঁচাপাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী খাঁ জানান, টানা বৃষ্টিতে অনেক কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। ফলে ক্ষেতের সবজি নষ্ট হওয়ার পাশাপাশি নতুন করে সবজি তোলা সম্ভব হচ্ছে না। যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়েই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন