জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনভর শহরের এবি খান ফিলিং স্টেশন, বাইপাস, পুরাতন সাতক্ষীরা ও খুলনা রোডসহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের কারণে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্পে ছুটে আসেন।
শহরের এবি খান ফিলিং স্টেশনের জেনারেল ম্যানেজার আব্দুর রউফ জানান, পাম্পে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত রয়েছে। কিন্তু বুধবার রাত থেকে হঠাৎ করেই গ্রাহকদের, বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে জানানো হয় যে, পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে পর্যাপ্ত তেল রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি কিনে পাম্পে কৃত্রিম চাপ সৃষ্টি না করে, শুধু স্বাভাবিক প্রয়োজন অনুযায়ী তেল কেনার অনুরোধ করা হয়েছে। প্রশাসনের এই বার্তার পর বিকেলের দিকে কিছু পাম্পে ভিড় কমলেও অনেক জায়গায় এখনও চাপ রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরবরাহের সঠিক তথ্যটি সবার কাছে পৌঁছালে দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
খুলনা গেজেট/এএজে

