নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম মোল্যা উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দিতে বের হন আকরাম মোল্যা। পরে নাতিকে বিদ্যালয়ে দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার বলেন, দ্বিখণ্ডিত লাশটি আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছি। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
খুলনা গেজেট/এনএম

