শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

বাড়িতে ঢুকে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভিতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার পর উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলো তিনি। এ সময় তিনটি মোটরসাইকেলে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে ধাওয়া দেয়। তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।’

আমির হামজা মুন্সি ২ মাস আগে তন্বী আক্তার নামে খুলনার এক কলেজছাত্রীকে বিয়ে করেছিলে। তিনি পরিবার নিয়ে খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়ি শিবপুরে আসে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন