বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ বিচার প্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে।
পলেস্তারা যেখান থেকে খসে পড়েছে, সেখানে রড বের হয়ে গিয়েছে। যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সুমন দাস, হৃদয় হাওলাদার, মোতালেব, হাবিবুল্লাহ শেখ ও তার বাবা মো. সিরাজ শেখ। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
আহতরা জানান, তারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাদের মাথার উপর পড়ে। এতে দুইজনের মাথা ফেটে যায়। অন্যরাও আহত হয়েছেন। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আদালতে ছাদের পলেস্তারা খসে ৫ জন রোগী এসেছেন। তাদের দুইজনের মাথায় সেলাই লেগেছে। অন্যদেরও ঘাড়ে ও পায়ে আঘাত লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হলে বাসায় যেতে পারবেন।
বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার জানান, হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে কয়েকজন আহত হয়েছেন। আমরা গণপূর্ত বিভাগকে জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে ভবন ব্যবহার উপযোগী আছে কিনা, সে বিষয়ে রিপোর্ট প্রদান করবেন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর প্রধান কৌঁসুলী (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, ‘বাগেরহাট জজ আদালতের নিচতলা যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলা পরিচালনা করেন, সেখানের কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এসময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিচার প্রার্থীর মাথায় পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরোনো। এই ভবনের অনেকস্থানে ফাটল ধরেছে। ভবনের যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে তা দ্রুত সংষ্কার করতে সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

