জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত ২৪-এর পর মোংলায় আবার গুমের পুনরাবৃত্তি হয়েছে, যা বিএনপি সরকারের জন্য একটি কালো অধ্যায়। অন্তর্বর্তী সরকার গুম কমিশন করার সুপারিশ করলেও, যে দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত হয়েছে, সেই বিএনপিই এখন গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান রয়েছে এবং বিএনপি সরকার সেই হাসিনা-কাঠামোকে অত্যন্ত যত্নে টিকিয়ে রেখেছে।
বুধবার (২২ জুলাই) রাত ১০টায় মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, আমাদের এখন দুটি আকাঙ্ক্ষা—একটি হলো আমাদের ভাইদের মৃত্যুর বিচার, আর অন্যটি হলো দিল্লি থেকে চক্রান্তকারী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলানো।
পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান ও মো. সোহেল।
খুলনা গেজেট/এএজে

