বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলা সদরের রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালের বাথরুম থেকে হাসিনা খানম রিক্তা (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার হয়।
নিহত হাসিনা খানম রিক্তা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী এবং নড়াইল জেলার রফিক শেখের মেয়ে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি জানান, ভোরে ওই নার্স বাথরুমে যান। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় এবং কোনো সাড়াশব্দ না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বাথরুমের ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
নিহতের স্বামীর বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, নিহতের মরদেহের পাশ থেকে মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ দুপুরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

