শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

ঈদের দিনে নড়াইলে সড়কে ঝরল যুবকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে রাব্বী মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রোমান গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২১ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে রাব্বী মোল্যা তার বন্ধু রোমান ও ভাগ্নে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর বিকালে তারা মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়ক দিয়ে নড়াইল শহরের দিকে ফিরছিলো। পথিমধ্যে সদর উপজেলার ধোন্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাব্বী মোল্যার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত রোমানকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন