নড়াইল সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪টার দিকে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল–যশোর মহাসড়কের সিতারামপুর ব্রিজের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে যশোর পিবিআই টিমকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

