শুক্রবার । ২০শে মার্চ, ২০২৬ । ৬ই চৈত্র, ১৪৩২
ঈদের আগের দিন স্বপ্ন পুড়ে ছাই

কচুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

কচুয়া প্রতিনিধি

​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন ঘরে ঘরে, ঠিক তখনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন বাগেরহাটের কচুয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। আজ শুক্রবার ভোর রাতে কচুয়া বাজারের ব্রিজের গোড়ায় মঘিয়া অংশে লাগা আগুনে পুড়ে গেছে ৮ টিরও বেশি দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে চারটার দিকে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার ও স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের তিলে তিলে গড়া স্বপ্ন।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল একটি সেলুন ও লন্ড্রি, বড় মুদি দোকান, একাধিক চায়ের দোকান, সার ও কীটনাশকের দোকান, ভ্যারাইটিজ স্টোর, মিষ্টি তৈরির জালঘর।

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ঈদের মৌসুমে দোকানে প্রচুর মালামাল তোলা হয়েছিল। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। দোকানের আসবাবপত্র থেকে শুরু করে সব মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাজার কমিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা জালঘর থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​অগ্নিকাণ্ডের স্থানে এখন শুধুই ধ্বংসস্তূপ। ঈদের ঠিক আগের দিন এমন সর্বনাশে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন