বাগেরহাটের চিতলমারীতে নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে মুনছুর আলী হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কুড়ালতলা গ্রামের পরিমল বাড়ৈয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মুনছুর আলী হাওলাদার কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।
নিহতের ছেলে মো. আব্দুল্লাহ জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে নারকেল গাছ পরিস্কার করতে চিতলমারী উপজেলার কুড়ালতলা গ্রামের পরিমল বাড়ৈয়ের নারকেল গাছে ওঠেন। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এস এম আরজান আলী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মুনছুর আলী হাওলাদার মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বৃদ্ধ মুনছুর আলী হাওলাদারের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

