সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাছ ব্যবসায়ী আশা শেখ। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করলেও নিরাপত্তার স্বার্থে ওই ব্যবসায়ী খুলনার বাইরে অবস্থান করছেন। গত শনিবার দুপুরে নগরীর সান্ধ্য বাজারে কয়েকজন সন্ত্রাসী আল্লাহর দান নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক আশা শেখের কাছে এ টাকা দাবি করে।

খুলনা সদর থানায় লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী উল্লেখ করেন, শনিবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে একরামসহ অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজন সন্ত্রাসী দলবল নিয়ে ময়লাপোতা কেসিসি সান্ধ্য বাজারে এসে মাছ ব্যবসায়ী আশা শেখের নাম উল্লেখ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দিয়ে দোকান খুললে তাকে রাস্তায় গুলি করে লাশ ফেলে রাখা হবে বলে হুমকি দেয়। এ ঘটনার পর থেকে ওই বাজারের ২২২ জন ব্যবসায়ী আতঙ্কে রয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই মাছ ব্যবসায়ী পারিবার-পরিজন নিয়ে খুলনার বাইরে অবস্থান করছেন। গতকাল রবিবার সকালে তারা খুলনা ছেড়ে যান।

মোবাইলে যোগাযোগ করা হলে মাছ ব্যবসায়ী আশা শেখ এ প্রতিবেদককে বলেন, ঘটনার সময়ে তিনি বাজারে ছিলেন না। বাজারের সভাপতি ও অন্যান্যদের সামনে আশা শেখের নাম উল্লেখ করে সন্ত্রাসীরা তাকে খুঁজতে থাকে। মাছের দোকানটি বন্ধ রাখার নির্দেশও দিয়ে যায় তারা। তিনি বলেন, আমার প্রশ্ন তারা আমার ব্যাবসা বন্ধ করতে বলার কে?

ব্যবসায়ীরা আরও জানান, আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী একরামকেও তিনি চেনেন না। ওই বাজারে ব্যাবসায়িক দ্বন্দ্বের কারণেও ঘটনাটি ঘটাতে পারে।

তিনি আরও জানান, বিভিন্নস্থানে পাইকারি হিসেবে মাছ সরবরাহ করেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বরিশালে অবস্থান করছেন। বাজার ব্যবসায়ীদের নিয়ে ঘটনার মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এটার সুরাহা না হওয়া পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তায় থাকতে হচ্ছে। পরবর্তীতে বিষয়টি আপনাদের জানানো হবে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, চাঁদা দাবির ঘটনায় সান্ধ্য বাজার ব্যবসায়ী আশা শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, অভিযোগটি এসআই ইব্রাহীম তালুকদারকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত পূর্বক গ্রেপ্তার করা হবে।

এদিকে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. বাবুল হাওলাদার। তিনি বলেন, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি বলেন, সান্ধ্য বাজারে চাঁদা দাবির বিষয়টি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক ঘটনা। এ ঘটনা পুলিশের দায় নিতে হবে। চাঁদাবাজ যদি কোন দলের হয় তাহলে সে দলকেও এ দায় নিতে হবে। সন্ত্রাস, অস্ত্রবাজ ও চাঁদাবাজ নির্মূলে তিনি নতুন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন