বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মাছের ঘের থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৭ ঘটিকার দিকে উপজেলার জিলবুনিয়া এলাকায় মো. জয়নাল হাওলাদারের মালিকানাধীন মাছের ঘেরে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে জয়নাল হাওলাদার নিজেই সাপটি ধরে বস্তাবন্দি করে বন বিভাগকে বিষয়টি জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।
এ বিষয়ে ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি একটি অজগর। শুক্রবার সকালে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানেই অজগরটি লোকালয়ে প্রবেশ করেছিল। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে এ ধরনের ঘটনায় দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
খুলনা গেজেট/এনএম

