শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ফকিরহাটে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ঠে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে মটরসাইকেল চালক ইলেকট্রিক মিস্ত্রী হাসিব মোল্লা (২৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বরোড় মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এন আর কার্গো সার্ভিস নামে একটি কভারভ্যানের চাকার নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যাজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক কভারভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন