শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভাষা সৈনিক আবুল কালাম সামসুদ্দিন সুনু মিয়া

কাজী মোতাহার রহমান

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির পর খুলনা ছিল মুসলিম লীগ অধ্যুষিত এলাকা। এখানে রাজনৈতিক দল বলতে সরকার সমর্থক মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টি। কংগ্রেসের অস্তিত্ব ছিল না। আওয়ামী লীগ, ন্যাপ ও গণতন্ত্রী পার্টি গড়ে ওঠেনি। সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বলতে নয়া সাংস্কৃতিক সংসদ আর তমুদ্দীন মজলিস। নয়া সাংস্কৃতিক সংসদের ব্যানারে দাঁড়িয়ে ১৯৫২ সালে যারা ভাষা আন্দোলন রচনা করেন তাদের একজন আবুল কালাম সামসুদ্দিন সুনু মিয়া। ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠন করতে যারা পোস্টার লিখতেন তাদের একজন সক্রিয় কর্মী তিনি। তখনকার ‘সারদা বাবু রোড’ আজকের ‘আহসান আহমেদ’ রোডে সুনু মিয়ার মালিকানাধীন ‘আজাদ গ্রন্থাগার’ ভাষা সংগ্রামীদের আশ্রয়স্থল। এখান থেকে পরিচালিত হত শহরের ভাষা আন্দোলন।

প্রগতিশীল ছাত্র ও সমাজকর্মীদের সংগঠন নয়া সাংস্কৃতিক সংসদের শিখা নামে দেওয়াল পত্রিকা প্রকাশিত হত। এই দেওয়াল পত্রিকায় ভাষা আন্দোলনের পক্ষে লেখা থাকত। হাদিস পার্ক আর বিএল কলেজে ছাত্র আন্দোলন গড়ে তুলতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সমর্থনে খুলনায় হরতাল সফল করতে তিনি সাহসী ভূমিকা নেন। ঐ দিনে জিলা স্কুল, করোনেশন, বি কে স্কুল, মহসিন স্কুলে ছাত্র ধর্মঘট পালিত হয়। তিনি ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য।

এই ভাষা সংগ্রামী বাগেরহাট মহাকুমার ফকিরহাট থানায় সৈয়দ মহল্লায় জন্মগ্রহণ করেন, ১৯৩৪ সালে। বিএল কলেজে অধ্যয়নকালীন সময়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৫৩ সালে গণতন্ত্রী পার্টিতে যোগ দেন। ১৯৫৯ সালে খুলনা পৌরসভার কমিশনার নির্বাচিত হন। ১৯৭৫ সালে ন্যাপে যোগদান, আমৃত্যু এই দলের সাথে যুক্ত ছিলেন।

দীর্ঘদিন খুলনা জেলা ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শহরের ছোট মির্জাপুর এলাকার ক্রান্তি নামক বাড়িতে বসবাস করতেন। ১৯৯১ সালের ৩ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। তার গবেষণাধর্মী গ্রন্থ শহর খুলনার আদি পর্ব ও ধূসর অতীত। খুলনা ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি সফল রাজনীতিক এবং ভাষা সংগ্রামী হিসেবে স্বীকৃত। উল্লেখ্য তিনি ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক আইনজীবী ও সফল রাজনৈতিক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন