খুলনার খানজাহান আলী থানাধীন আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার গভীর রাতে শুকুর আকুঞ্জির বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার বাড়ির লাখড়ির ঘরে আগুনের সূত্রপাত হলে সাথে সাথে তা নিভিয়ে ফেলা হয়। তবে বাড়ির উঠান থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।
স্থানীয়রা জানান, শুকুর আকুঞ্জি কৃষি কাজ করেন। পাশাপাশি তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত। গতকাল রাতে আকুঞ্জি পাড়ার শুকুর আকুঞ্জির বাড়ির লাখড়ির ঘরে আগুনের সূত্রপাত দেখে তারা এগিয়ে আসেন। সাথে সাথে নিভিয়ে দেওয়া হয়। বাড়ির উঠান থেকে কেরোসিনের একটি বোতল পাওয়া যায়। ঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘটনাটি তদন্ত করছে বলে জানান তারা। তবে স্থানীয়দের কেউ কেউ এ ঘটনাকে রাজনৈতিক সহিংস ঘটনা বলে ধারণা করছেন।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে শুকুর আকুঞ্জির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ির উঠান থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বেশ রহস্যজনক। থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুপুরে তাদের থানায় আসার কথা কিন্তু কেউ এখনও পর্যন্ত আসেনি। তবে সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনা গেজেট/সাগর/এনএম

