নড়াইল-২ আসনের লোহাগড়ায় ভোটগ্রহণের সময় ধানের শীষের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাজী আজিম (৩৫) বয়রা গ্রামের ইসরাফিল কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক কাজী আজিম ভোটারদের মাঝে ধানের শীষের স্লিপ বিতরণ করে ভোট প্রার্থনা করছিলো। এ সময় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক)-এর সমর্থক নাহিদ কাজীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কাজী আজিমকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করে বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

