শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৯, পৃথক স্থানে দেশীয় অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নে ১নং সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জামায়াতে ইসলামীর সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ মোট ১৫ জন আহত হন। অপরদিকে বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন।

এদিকে এদিন বেলা ১১টায় বাগেরহাটের কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ নাহিদ নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে রামদাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

বেলা ১১ টায় লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, নীলডুমুর এবং মেজর আশরাদ, ২৩ আরই ব্যাটালিয়ন। তাদের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

একটি ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে দোকান থেকে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি এবং ৭টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

অব. লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, কর্মকর্তা বলেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। কেউ কোন ধরনের অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, বাগেরহাটের শরণখোলায় একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপাতত পুলিশ মামলঅ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন