শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ফকিরহাটে ভোট কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি বেশি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর পর থেকে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

উপজেলার বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিণ হক গার্লস হাই স্কুল, মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, খোদেজা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোট কেন্দ্রে ছুটে আসছেন নারী ভোটাররা। কেউ দলবেঁধে কেউ আবার সন্তান কোলে নিয়ে এসেছেন। নির্বাচনকালে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা টা পর্যন্ত। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোট দিয়ে কেন্দ্র ছাড়ার সময় অনেকেই বলছেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। কোনও বিপত্তির মুখে পড়তে হয়নি। বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে গড়ে ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।উল্লেখ্য, ফকিরহাটের ৮ ইউনিয়নে মোট ৫২টি ভোট কেন্দ্র ও ২৬০টি বুথ রয়েছে। এর মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৩টি ঝুঁকিপূর্ণ ও ১৮টি সাধারণ ভোট কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭১০ জন। নারী ভোটার ৬৫ হাজার ৩৮৭ জন। এছাড়া পোষ্টাল ভোট রয়েছে ৯৬৪ জন।

এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী স. ম. গোলাম সরোয়ার (নাঙ্গল), আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী মো: আমিনুল ইসলাম (ঈগল), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী এম. ডি. শামসুল হক (হারিকেন), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর মনোনীত প্রার্থী আ. সবুর শেখ (পাঞ্জা), স্বতন্ত্র¿ প্রার্থী এম এ এইচ সেলিম (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী শেখ মো: মাছুদ রানা (ফুটবল)।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমনা আইরিন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন