শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভাষা আন্দোলনে খুলনার মাসিক সবুজপত্র

কাজী মোতাহার রহমান

১৯৫১ সালে নীলা সিনেমা হলের বিপরীতে (আজকের পিকচার প্যালেস) স্টুডিও ফোকাসের দোতলা থেকে মাসিক সবুজপত্র নামে পত্রিকা প্রকাশিত হয়। সমীর আহমেদ এই পত্রিকা সম্পাদনা করতেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত। আর্থিক সাশ্রয়ের জন্য বাগেরহাটের প্রেস থেকে সবুজপত্র ছাপা হতো। প্রতি সংখ্যার মূল্য ছিল আট আনা।

ম্যাগাজিন সাইজের পত্রিকাটি এ অঞ্চলের কৃষক আন্দোলন ও ভাষা আন্দোলন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হতো। ১৯৫০ সালে গঠিত নয়া সাংস্কৃতিক সংসদ এবং ১৯৫২ সালে স্থানীয়ভাবে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের তিনি সক্রিয় সদস্য ছিলেন। সবুজপত্রে মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে ব্যঙ্গ-বিদ্রুপমূলক লেখা ছাপা হতো। ভাষার দাবিতে কবিতা ও প্রবন্ধকে প্রাধান্য দেওয়া হতো। প্রবন্ধ লিখতেন মরহুম অধ্যক্ষ মালিক আতাহার উদ্দীন। তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতা পরবর্তী রূপসার বেলফুলিয়ায় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষার দাবিতে সম্পাদকীয় এবং প্রতিবেদন ছাপা হওয়ায় পত্রিকাটি জনপ্রিয় হয়ে ওঠে।

সম্পাদকের জবানবন্দি অনুযায়ী সার্কুলেশন ছিল পাঁচশ কপি। ১৯৫২ একুশে ফেব্রুয়ারির পর মুসলিম লীগের লাঠিয়ালরা সবুজপত্র অফিসে হামলা চালায়। পত্রিকার লেটার প্রেসের সরঞ্জাম ক্ষতিসাধন করে। ১৯৫২ সালের শেষদিকে সরকার সবুজপত্র প্রকাশনার অনুমতি বাতিল করে। সবুজপত্র সম্পাদক, ভাষাসৈনিক সমীর আহমেদ ২০১৭ সালের ২ জানুয়ারি ইন্তেকাল করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন