রূপসায় মো. বোরহান হাওলাদার নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে মারপিট করে ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিবেশী খলিল নামে এক যুবক। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কিসমত খুলনা খোঁড়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বোরহান রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত বোরহান জানায়, সে বাড়ির কাজ করার জন্য শনিবার সকালে একই এলাকার জাহাঙ্গীরের অনুমতি সাপেক্ষে রেলের লিজ নেওয়া তার জমিতে এক ট্রাক বালু নামায়। বিকেলে একই এলাকার খলিল ওই বালু ২০ মিনিটের ভিতর অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বোরহানের খোঁড়ার বটতলার ভাঙাড়ি দোকানে এসে হুমকি দিতে থাকে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায় খলিল তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তার জ্যাকেটের পকেট থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় খলিল। আহত বোরহানের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি।
রূপসা থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর বলেন, ‘প্রতিদিন কত অভিযোগ আসে। কিন্তু খোঁড়ার বটতলায় মারামারি ও ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়া কোনো অভিযোগ থানায় আসেনি এবং এমন কোনো ঘটনা আমার জানা নেই।’
কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের এসআই মো. রাজেত আলী বলেন, ‘কিসমত খুলনা খোঁড়ার বটতলা এলাকায় বালু রাখা নিয়ে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত বোরহান হাওলাদার নামে এক ব্যক্তি থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

