খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ (রোল নম্বর: ২৪০১০৮৯) কে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০) কে চলমান টার্ম (প্রথম বর্ষ–দ্বিতীয় টার্ম, শিক্ষাবর্ষ ২০২৪–২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধে জড়িত হলে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধি অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে



