আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের ঐক্যবদ্ধ প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন রূপসা উপজেলার নন্দনপুরে উঠান বৈঠক, জেবিএম স্কুল মাঠে মতবিনিময় সভা, ঘাটভোগে গণসংযোগ ও প্রচার মিছিল, কাজদিয়ায় গণসংযোগ ও মতবিনিময় সভা, সিংহেরচরে পুরুষ ও মহিলা সমাবেশ এবং জেবিএম এলাকায় পথসভা ও গণসংযোগের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালান।
নির্বাচনী প্রচারণায় বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের জনগণ তাদের মৌলিক অধিকার পায়নি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারাই প্রভুত্ব কায়েম করেছে এবং মানুষের অধিকার লুণ্ঠন করেছে। কেউ বেগমপাড়া গড়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আবার কেউ ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি বলেন, যারা নতুন করে লুটপাট, অবৈধ মাটি কাটা, বালি উত্তোলন, দখল বাণিজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তুলেছে সচেতন জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এবার পরিবর্তনের সুযোগ এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার, ইনসাফ প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার। এ লক্ষ্যে ইসলামী ও জুলাই অভ্যুত্থানের দেশপ্রেমিক ঐক্যবদ্ধ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সুফল অর্জন এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, রূপসা উপজেলার তিনবারের নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন, মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাজিম উদ্দিন, রূপসা উপজেলা সভাপতি জসিম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী, শামিম হাওলাদার, সোহান শেখ, ইসরাফিলসহ আরও অনেকে।

