সাতক্ষীরার নওয়াবেঁকী বাজারে দুই বস্তা মোবাইল সেট উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে মাছের আড়ৎ থেকে দুই বস্তা মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর থানার উপ-পরিদর্শক আবুল কালাম বস্তায় মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৩টি মোবাইল সেট উদ্ধার করেন।

এর আগে গত শুক্রবার রাতে স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল সেট চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে পুলিশ চার সন্দিগ্ধ আসামিকে আটকের পর তাদের সহযোগীরা এসব মোবাইল সেট ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু সাইদ জানান, শুক্রবার রাতে তালা কেটে প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে তিনি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এঘটনায় সন্দেহভাজন চার জনকে গ্রেপ্তার করে। ধারনা করা হচ্ছে তাদের পালিয়ে থাকা সহযোগীরা রাতের বেলা খোলপেটুয়া নদীর চরে গড়ে ওঠা মাছের আড়তের পাশের একটি দোকানের বারান্দায় এসব মালামাল রেখে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, শুক্রবার রাতে নওয়াবেঁকী বাজারের ভাই ভাই মোবাইল সেন্টার থেকে কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু সাইদ গাজী কয়েকজনের নামে একটি মামলা করেন। মঙ্গলবার ভোরে বাজার কমিটির নেতৃবৃন্দের কাছে সংবাদ পেয়ে দু’টি বস্তায় ভরা ৫৩টি মোবাইল সেট উদ্ধার করে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য ৮/১০ লাখ টাকা হবে। বাকি অপরাধীদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 

 

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন