ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সী বিভাগের এক সভা আজ রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।

কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সিটি মেয়র আরো বলেন, দেশে করোনা পরিস্থিতি এখনো আশংকাজনক অবস্থায় রয়েছে। পাশাপাশি ঢাকাসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খুলনায় করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় নাই। এ পরিস্থিতি বজায় রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করার সাথে সাথে নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসাথে সিটি মেয়র নাগরিকদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহবান জানান।

কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, মোঃ আব্দুর রকীব, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্লা মারুফ রশিদ, শেখ হাফিজুর রহমান, মোঃ জিয়াউর রহমানসহ সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন